অস্ট্রেলিয়ার একটি গির্জা ব্লিচের মিশ্রণ রয়েছে এমন এক দ্রব্য খেলে ‘অলৌকিকভাবে’ প্রানঘাতী করোনা ভাইরাস থেকে সেরে ওঠা সম্ভব বলে বিজ্ঞাপন প্রচার ও তা বিক্রি করছিল। গতকাল গির্জাটিকে প্রায় এক লাখ ডলার জরিমানা করেছে দেশটির চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থেরাপেটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)। এ তথ্য বার্তা সংস্থা এএফপির দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়।
টিজিএ জানায়, এমএমএস অস্ট্রেলিয়া নামের ওই গির্জাটি ‘অলৌকিক খনিজ সমাধান’-এর নামে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রিত পণ্য বিক্রি করছিল। প্রানঘাতী করোনা ভাইরাসের ‘অলৌকিক’ ওষুধ হিসেবে যে দ্রব্যের প্রচার তারা করেছে সেটায় উচ্চ মাত্রার ব্লিচিং পাওয়া গেছে। এই ব্লিচিং জীবাণুনাশকের পাশাপাশি টেক্সটাইল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক জেনেসিস টু চার্চ (গির্জা) অব হেলথ অ্যান্ড হিলিংয়ের যে শাখাটি অস্ট্রেলিয়ায় কাজ করে তা এমএমএস গির্জা নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে, মানুষের শরীরের জন্য ক্ষতিকারক ব্লিচ মিশ্রিত ‘অলৌকিক খনিজ সমাধান’ বিক্রিতে জেনেসিস টু চার্চের উপর।
আনন্দবাজার/এস.কে









