বিশ্বের অন্তত ১৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত বাংলাদেশে একজন নিহত ও ১৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসের সংক্রমণ আরও বিস্তার লাভ করতে পারে এমন আশঙ্কায় কয়েকগুণ চাহিদা বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য যেমন- চাল, ডাল, তেল, পেঁয়াজ ও চিনির। তবে সরকারের তরফ থেকে বারবার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।
করোনাভাইরাস ঠেকাতে খুব শিগগিরই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার দোকানপাট বন্ধ হতে পারে এমন আশঙ্কায় বড় বড় শপিং মলের সুপারস্টোর থেকে শুরু করে পাড়ামহল্লার মুদি দোকানেও নিত্য পণ্য ক্রয়ের হিড়িক পড়েছে। চাহিদা বেড়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের মাধ্যমে বিক্রিত পণ্যদ্রব্যের।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করার প্রয়োজন নেই। তবে মন্ত্রীর বক্তব্যে আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ।
রাজধানীর লালবাগ ও ধানমন্ডি এলাকা ঘুরে ও দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় বহুলাংশে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি। আগের তুলনায় দ্বিগুণ পণ্যে কিনছেন অনেকেই।
আনন্দবাজার/ টি এস পি









