পবিত্র ঈদুল আজহায় ফ্রিজের চাহিদা থাকে বেশি। সে সময় বাজারে আসে নতুন নতুন রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ। এবার অনেক ফ্রিজেই যোগ হয়েছে স্মার্ট প্রযুক্তি। বর্তমানে প্রায় সব ফ্রিজে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফ্রিজের হার্ট হচ্ছে কম্প্রেসর। আধুনিক ফ্রিজগুলোতে কম্প্রেসর হচ্ছে ইনভার্টার প্রযুক্তিসমৃদ্ধ। ফ্রিজের সবচেয়ে বড় প্রযুক্তি হচ্ছে ইনভার্টার। ইনভার্টার থাকার ফলে ফ্রিজ বিদ্যুৎ-সাশ্রয়ী হয়। এতে বিদ্যুৎ বিল অনেক কম আসবে।
আধুনিক ফ্রিজগুলোতে আরও রয়েছে স্মার্ট নিয়ন্ত্রণ। রয়েছে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি। মানে ইন্টারনেটেও যুক্ত হতে পারে ফ্রিজ। ফ্রিজে রাখা খাবারদাবারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
আধুনিক রেফ্রিজারেটরে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। টুইন কুলিং প্লাস প্রযুক্তি থাকায় ২টি কুলিং ফ্যান ও ২টি ইভাপোরেটর কাজ করে। এতে দুর্গন্ধ ছড়ায় না, ৭০ শতাংশ আর্দ্রতা বজায় থাকে। রয়েছে স্মার্ট কনভারশন। ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির ফলে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। আরও আছে ব্যাকটেরিয়া প্রতিরোধক, কুল প্যাক (সর্বোচ্চ ১২ ঘণ্টা ব্যাকআপ), কুল সিলেক্ট জোন বা ফ্লেক্স জোন, বিল্ট-ইন স্ট্যাবিলাইজার, ডোর অ্যালার্ম ও ডিওডোরাইজিং ফিল্টার।
ট্রান্সকম ইলেকট্রনিকসের সহকারী শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন জানান, উন্নত সুবিধার ফ্রিজকে স্মার্ট ফ্রিজ বলা যায়। স্মার্ট ফ্রিজে অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন ইনভার্টার প্রযুক্তি থাকে। এতে ৫টি মোড কাজ করে। এর মধ্যে একটিতে ওপরে ডিপ আর নিচে নরমাল সুবিধা থাকে। রয়েছে টুইন কুলিং প্লাস প্রযুক্তির সুবিধা। নতুন এই প্রযুক্তিসমৃদ্ধ ফ্রিজে ডিপ কনভার্ট করে পুরোটাই নরমাল করে ফেলা যায়। কেউ বাসার বাইরে গেলে দীর্ঘ সময়ের জন্য এনার্জি সেভিং মোড চালু করে রাখতে পারেন। তখন চাইলে শুধু ডিপ চালু রাখতে পারবেন। এভাবে ৫টি মোডে ফ্রিজ কাজ করে। ফ্রিজে আগে একটা ফ্যানে নরমাল মোড চালু করা যেত। এখন টুইন কুলিংয়ের কারণে কম্প্রেসরের ওপর চাপ কমেছে। একাধিক ফ্যান ব্যবহৃত হচ্ছে। আলাদা চেম্বারে আলাদা ফ্যান ব্যবহার করা হয়।
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে শিগগিরই ইওটি প্রযুক্তির রেফ্রিজারেটর পাওয়া যাবে। যেটি যুক্ত থাকবে ইন্টারনেটে, যা প্রযুক্তির সহায়তায় ফ্রিজে খাবার কতটুকু আছে, তা নিয়ন্ত্রণ করবে। এই প্রযুক্তির মাধ্যমে সুপারশপে ফ্রিজ থেকে স্বয়ংক্রিয় বার্তা (নোটিফিকেশন) যাবে।
আনন্দবাজার/টি এস পি







