করোনা সংক্রমণ রোধ করতে এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচার উদ্যোগ নিয়েছেন গাজীপুর জেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও ডেইরি মালিক সমিতির নেতাদের নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
কর্তৃপক্ষ আশা করছে , এই উদ্যোগের ফলে কোরবানির পশু কেনার জন্য বাজারমুখী প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং পশু বিক্রয়কারীদেরও বিক্রয় মন্দার শঙ্কা দূর হবে।
এদিকে করোনার কারণে কয়েকমাস বন্ধ থাকার পর ইদুল আযহাকে সামনে রেখে গাজীপুরের স্থায়ী গবাদি পশুর হাট জমতে শুরু করেছে। তবে এসব হাটে প্রশাসনের নির্দেশমতো ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি থেকে যাচ্ছে এসব হাটে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, অনলাইনে বিক্রির জন্য প্লাটফরম রেডি আছে। বিক্রেতারাও তাদের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে তাদের পশুর ছবি আপলোড করবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো। তাদেরকে প্রমোট করার জন্য বা প্রচারণার ব্যবস্থা করবো। পশুর ওজন অনুযায়ী আমরা একটা দামও নির্ধারণ করে দেব যাতে ক্রেতা ও বিক্রেতা কেউ প্রতারিত না হন।
আনন্দাজার/এস.কে









