বাজারে হঠাৎ বেড়েছে আদা, পেঁয়াজসহ বেশ কয়েকটি মসলাজাতীয় পণ্যের দাম। গতকাল রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে বেশ কিছুদিন ধরেই সবজির বাজার চড়া, তার মধ্যেই মশলার বাজারের উর্ধ্বমুখিতায় চাপে পড়েছে সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার রাজধানীর মুগদা, মানিকনগর, কমলাপুর ও মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে আদা আর পেঁয়াজ ছাড়াও বিভিন্ন মশলার দাম বাড়তির দিকে রয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজি ছাড়াও ১২টি নিত্যপণ্যের দামে পরিবর্তন হয়েছে। তার মধ্যে ১০টির দামই বেড়েছে।
ঈদুল আজহার পরপর আদা ১২০ টাকা থেকে ১৪০ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ আদার দাম বেড়ে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আদা প্রতি কেজি এখন ১৪০-২০০ টাকা।
পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে পাঁচ টাকা করে। খোসা ছাড়া ভারতীয় পেঁয়াজের দাম এখন ৩৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে। তবে চাহিদার তুলনায় বেশি আমদানি হওয়ায় আগের ৭০-৮০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে রসুন।
মুগদা বাজারের খুচরা বিক্রেতা ওয়ালি উল্লাহ বলেন, জোয়ারের পানিতে খাতুনগঞ্জ বাজার তলিয়ে গেছে। এতে সেখান থেকে রাজধানীতে মাল আসছে না, প্রচুর আদা পচে নষ্ট হয়ে গেছে। এ কারণে পাইকারি বাজারে আদার বাড়তি দাম রাখা হচ্ছে। তাই খুচরায়ও দাম বেড়েছে। গত মৌসুমের পেঁয়াজ একেবারেই শেষের দিকে। তাই পেঁয়াজেও দাম কিছুটা বাড়তির দিকে।
মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি কাঁচাবাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ নামের একজন ক্রেতা বলেন, আমাদের আয় কমে গেছে ২০ থেকে ২৫ শতাংশ। বিপরীতে পণ্যের দাম বেড়েছে ৫০-১০০ শতাংশ পর্যন্ত। জীবনযাত্রার ব্যয় সমন্বয় করা যাচ্ছে না। কিন্তু আমরা ঢাকায় যখন ৮০ টাকা কেজি সবজি খাই তখনো পত্রিকায় দেখি কৃষক ২০-২৫ টাকায় বিক্রি করছেন। তাহলে দাম এত কেন বাড়ছে, সরকারের এটি দেখা উচিত, শক্তভাবে তদারকি করা উচিত।
আনন্দবাজার/ডব্লিউ এস









