এসএমই খাতে বিডি পেইন্টসের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৮২০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ০১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত (জুলাই ২০২০ সাল -জুন ২০২১ সাল) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৯৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৪ টাকায়। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।









