চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। উহানের গণ্ডি পেরিয়ে গোটা চীন, চীনের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশে ছড়াতে সময় লাগেনি করোনার। ইতোমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এই ঘোষণা দেন।
টেড্রস অ্যাডহানম বলেন, চীনের বাইরে গেল দুই সপ্তাহে এই ভাইরাস প্রায় ১৩ গুণ বেড়েছে। তিনি এই ভাইরাসের ভয়াবহতায় গভীরভাবে উদ্বিগ্ন বলে সংবাদ সম্মেলনে জানান।
সাধারণত কোনো রোগ যখন একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তখন তাকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়। করোনাভাইরাসের বিস্তারকে ডব্লিউএইচও 'প্যানডামিক' বলে অভিহিত করে। ইংরেজি ‘প্যানডামিক’ বলতে মহামারি বোঝায়।
করোনা নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশে আটকে নেই। শতাধিক দেশে ত্রাস সৃষ্টি করেছে। ক্রমেই বেড়ে চলেছে দৌরাত্ম্য। এখন পর্যন্ত ১১৪টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্বে প্রায় ১ লাখ ১৮ হাজারের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ২৯১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে।
তবে মহামারি হলেও করোনা নিয়ন্ত্রণের বাইরে না। এ প্রসঙ্গে ডব্লিউএইচও বলেছে, এটা মহামারি বলেই যে নিয়ন্ত্রণ অযোগ্য তা নয়। বরং করোনাকে মহামারি বলে ঘোষণা করে এ ভাইরাসের বিস্তার রোধে বিশ্বের দেশগুলোকে পদক্ষেপ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি









