গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রানঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। চীনে প্রথম দফার সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণের আসার পর ফের সংক্রমণ শুরু হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই দেশটিতে প্রাণঘাতী বিউবনিক প্লেগ ছড়াতে শুরু করেছে।
চীনের উত্তরাঞ্চলীয় একটি শহরে বিউবনিক প্লেগ ছড়িয়েছে। সেখানে মহামারির আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির বরাত দিয়ে বিবিসি জানায়, স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ানুর শহরে প্লেগ প্রতিরোধে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার বায়ানুরের একটি হাসপাতালে প্রথম বিউবনিক প্লেগ রোগী শনাক্ত হয়। এর পরপরই সতর্কতা জারির সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি।
কর্তৃপক্ষ জানান, আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বায়ানুর কর্তৃপক্ষ বলেছে, বর্তমানে এই শহরের মানুষের মধ্যে প্লেগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সবার আত্মসুরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে এবং সতর্ক হতে হবে। শরীরে যেকোনও ধরনের অস্বাভাবিক উপসর্গ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে।
আনন্দবাজার/এস.কে









