নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘আসন্ন বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ আজ রবিবার বেলা ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাজেট প্রস্তাবনা এবং অনুষ্ঠানের সার্বিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করবেন। এটি প্ল্যাটফর্মের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এক সংবিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক প্ল্যাটফর্ম সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে। সেকারণেই আসন্ন জাতীয় বাজেট নিয়ে তাদের প্রত্যাশা জানার জন্য প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান; যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাছে থেকে বাজেট সম্পর্কিত প্রস্তাব সংগ্রহ করা হয়েছে। এই সংলাপে সংগৃহীত প্রস্তাবগুলো তুলে ধরা হবে। এছাড়াও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা আসন্ন বাজেট সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন।








