- বেড়েছে লেনদেন, সূচক
- শীর্ষে বেক্সিমকো, সিটি ব্যাংক
- দর বেড়েছে ৭৫ ভাগ প্রতিষ্ঠানের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক গতকাল মঙ্গলবার উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন পরিমাণ বেড়েছে। এদিন শেয়ার কেনার চাপে দুই স্টকের ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার দুই পুঁজিবাজারে সব ধরনের সূচক বেড়েছে। এদিন শেয়ার বিক্রয়ের চেয়ে কেনার চাপ বেশি ছিল। ফলে এদিন দুই স্টকের ৭৫ দশমিক ২০ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৭৫ দশমিক ৬৬ শতাংশ এবং সিএসইর ৭৪ দশমিক ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে।
সিমেন্ট, সিরামিক, সেবা আবাসন, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ অবকাশ খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন পাট খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। ব্যাংক খাতের ৩২টির মধ্যে ২৮টি, নন ব্যাংকিং খাতের ২৩টির মধ্যে ২১টি, ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ৩৪টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৫৩টি, ওযুধ রসায়ন খাতের ৩২টির মধ্যে ২০টি, খাদ্য আনুষঙ্গিক খাতের ২০টির মধ্যে ১৪টি, জ্বালানি শক্তি খাতের ২৩টির মধ্যে ২০টি, বিবিধ ১৪টির মধ্যে ১০টি, আইটি খাতের ১১টির মধ্যে ৮টি, বীমা খাতের ৫২টির মধ্যে ৩৬টি, মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টির মধ্যে ২৬টি এবং চামড়া খাতের ৬টির মধ্যে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন উত্থান হয়েছে। একই অবস্থা অপর পুঁজিবাজার সিএসইতেও।
গত তিন কার্যদিবস সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন পর দুই কাযদিবস ধরে তা উত্থানে রয়েছে। এর মধ্যে গত সোমবার দুই স্টকের ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল দুই স্টকের ৭৫ দশমিক ২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানির শেয়ার দর এধরনের বৃদ্ধিকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় সংশ্লিষ্টরা।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭২ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবস গত সোমবার লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৮৬টির বা ৭৫ দশমিক ৬৬ শতাংশ, কমেছে ৬৯টির বা ১৮ দশমিক ২৫ শতাংশ এবং পরিবর্তন হয়নি ২৩টির বা ৬ দশমিক শূন্য ৯ শতাংশ দর। টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪২ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৭০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫২৩ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ৪৩১ দশমিক ৬৪৭ পয়েন্টে।
অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ৩০১টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২৫টির বা ৭৪ দশমিক ৭৫ শতাংশ, কমেছে ৬০টির বা ১৯ দশমিক ৯৩ শতাংশ এবং পরিবর্তন হয়নি ১৬টির বা ৫ দশমকি ৩২ শতাংশ কোম্পানির। টাকার অংকে সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, আইসিবি, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আরডি ফুড, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৯ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৬৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭৫ দশমিক ৫৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩১ দশমিক ৬৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭১ দশমিক ২৪ পয়েন্টে, ১৩ হাজার ৯১৯ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১১ হাজার ৮০০ দশমিক ৫৩ পয়েন্টে ও ১ হাজার ২১৩ দশমিক ২১ পয়েন্টে।
আনন্দবাজার/শহক









