একটি বিশেষ ফ্লাইটে কয়েকজন মার্কিন নাগরিক ও কূটনীতিক আজ (৩০ মার্চ) ঢাকা ছাড়ছেন। গতকাল (রবিবার) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। কতজন মার্কিন নাগরিক বাংলাদেশ ত্যাগ করবে সেটি উল্লেখ না করে মুখপাত্র বলেন, বিমানটি ভর্তি অবস্থায় যাবে।
তিনি জানান, আমরা নাগরিকদের বিমানবন্দরে আগেই চলে যেতে বলেছি কারণ আমাদের নিজস্ব কিছু পেপারওয়ার্ক এবং মেডিক্যাল চেক-আপ করার আছে। এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কারো যদি জ্বর থাকে, তবে বিমানবন্দরে প্রবেশের সুযোগ নেই।
বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ও সেই তুলনায় বাংলাদেশে এর প্রকোপ তুলনামূলক কম এবং এই প্রেক্ষিতে কেন মার্কিন নাগরিকরা দেশে ফেরত যাচ্ছে জানতে চাইলে তিনি জানান, এটি সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন সরকার কাউকে জোর করছে না। একেক জনের পরিস্থিতি একেক রকম। যারা পর্যটক এবং যাদের এখানে পরিবার নেই তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে চাইবেন। আবার কূটনীতিক যারা যাচ্ছেন, তারাও তাদের পরিবারের কারণে যাচ্ছেন।
তবে তিনি জানান, এ কারণে দূতাবাসের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। আমরা নিয়মিত ভিসা সেবা স্থগিত করেছি, কিন্তু জরুরি সেবা এখন চলছে। মুখপাত্র আরও জানান, আমরা বিশ্বের ২৮টি দেশ থেকে ১০ হাজারেরও বেশি মার্কিন নাগরিককে দেশে ফিরিয়ে এনেছি এবং এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।
আনন্দবাজার/তা.তা









