ইউক্রেনের শস্য রফতানি কমেছে ১১ শতাংশ। গত ১ জুলাই থেকে চলতি মৌসুমের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে শস্য রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১১ শতাংশের বেশি কমে ১ কোটি ১৮ লাখ টনের নিচে নেমে এসেছে। ইউক্রেনের মিনিস্ট্রি অব ইকোনমির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে চলতি মৌসুমের প্রথম তিন মাসে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ১৭ লাখ ৮০ হাজার টন শস্য রফতানি হয়েছে। আগের মৌসুমের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ২ শতাংশ কম। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে ৪২ লাখ ৫৮ হাজার টন শস্য।
ইউক্রেনের খ্যাতি রয়েছে মূলত গম, ভুট্টা, যব, সূর্যমুখী বীজ রফতানির জন্য। চলতি ২০২০-২১ মৌসুমের প্রথম তিন মাসে ইউক্রেন থেকে সব মিলিয়ে ৮২ লাখ টন গম রফতানি হয়েছে আন্তর্জাতিক বাজারে। একই সময়ে দেশটি থেকে রফতানি হয়েছে ২৯ লাখ টন যব ও ৬ লাখ ৩১ হাজার টন ভুট্টা।
ইউক্রেন বৈশ্বিক শস্য বাণিজ্যের প্রায় ১৬ শতাংশ জোগান দেয়। গত মৌসুমে (২০১৯-২০) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ৭২ লাখ টন শস্য রফতানি হয়েছিল। চলতি মৌসুমে (২০২০-২১) দেশটি থেকে শস্য রফতানি কমে ৪ কোটি ৭৪ লাখ টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে। মূলত আবাদ ও উৎপাদনে মন্দা ভাবের কারণে এবারের মৌসুমে দেশটি থেকে শস্য রফতানি কমে যেতে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস









