সারাপৃথিবী জুড়ে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ভীতি দূর করতে, সচেতনতা বাড়াতে এবং আশপাশের মানুষ কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেয়ার জন্য ‘করোনা আইডেন্টিফায়ার’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
অ্যাপটি পরিচালনার দায়িত্বে রয়েছে টেলিটক এবং অ্যাপটির কারিগরি সহায়তা দিচ্ছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।
করোনা আইডেন্টিফায়ার অ্যাপটি আপাতত পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। খুব শীঘ্রই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আইওএস স্টোরে পাওয়া যাবে। তবে ইতোমধ্যেই অ্যাপটি এপিকে-এর মাধ্যমে ( http://coronaidentifier.teletalk.com.bd ) অনেকেই ব্যবহার করতে শুরু করেছেন। অ্যাপটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর আইইডিসিআর-এর সঙ্গে সংযুক্ত থাকবে। বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে দেশের মানুষজনকে করোনাভাইরাস সম্পর্কে আরও সচেতন করতে উক্ত মোবাইল অ্যাপ নিয়ে হাজির হলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান টেলিটক।
সূত্রে জানা গেছে, এই অ্যাপটিতে দারুণ কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে। মূলত অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর লোকেশন ব্যবহার করে কমিউনিটিতে করোনাভাইরাস কতটা সংক্রামিত হয়েছে, তার একটা স্ট্যাটাস জানতে পারবে। আশপাশে কোনও কোভিড-১৯ সংক্রামক রোগী বা কোয়ারেন্টাইনে ব্যক্তি রয়েছেন কি না সে বিষয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে অ্যাপটি।
আনন্দবাজার/তা.তা









