গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সর্তক করে বলেছেন, কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন। তিনি বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নিষিদ্ধ তালিকায় যুক্ত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের পদক্ষেপের কারণে ইয়েমেনে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছানো কঠিন হবে এবং সেখানকার পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, প্রভাবশালী সবাই যেন বিপর্যয় মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয় আমি সেই আহবান জানাই। আমি আরও অনুরোধ করব, এরইমধ্যে শোচনীয় অবস্থায় থাকা দেশটির বিরুদ্ধে কেউ যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে।
গুতেরেস জানান, জাতিসংঘ সমন্বিত ত্রাণ কর্মসূচিতে তহবিলের পরিমাণ কমে যাওয়া, ইয়েমেনি মুদ্রায় অস্থিতিশীলতা ও ত্রাণ সংস্থাগুলোর বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর আরোপিত প্রতিবন্ধকতার কারণে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে।
আনন্দবাজার/টি এস পি









