মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বৃদ্ধা পুষ্পদেবী। বাড়ির পাশে নদীর খাঁড়িতে জাল ফেলে যা মেলে, তাতেই কোনোরকমে দুমোঠো খেয়ে পরে চলে যায় দিন। জীবনের শেষ পর্যায়ে এসে হঠাৎ করেই কপাল খুলে গেছে তার। একটা মাছ ধরে এক দিনেই তিনি হয়ে গেছেন লাখপতি!
সোমবার ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়। প্রতিদিনের মতো এদিনও নদীতে জাল ফেলেন পুষ্পদেবী। নির্দিষ্ট সময়ে গিয়ে জাল তুলতে গিয়ে হতবাক হয়ে যান তিনি। তার জালে ধরা পড়েছে বিশালাকার এক মাছ। মাছটির ওজন এত বেশি ছিল যে, কয়েকজনের সহযোগিতায় জাল টেনে মাছটিকে পাড়ে তুলতে হয়েছে তাকে।
বৃদ্ধা পুষ্পদেবীর জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি ভোলা মাছ। মাছ দেখতে খাঁড়ির পাশে ভিড় করেন এলাকার অসংখ্য মানুষ। মাছটি কিনতে স্থানীয় কাকদ্বীপ বাজারের আড়তদাররা পুষ্পর বাড়িতে এসে দর-কষাকষির পরে কেজি প্রতি ৬ হাজার রুপিতে মাছটি কিনে নেয়।
প্রবল আর্থিক সংকটের মধ্যে দুই ছেলে নিয়ে দিন কাটাচ্ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ করে তার জালে ধরা পড়া এই ভোলা মাছটি বদলে দিয়েছে তার ভাগ্য। মাছটি বিক্রি করে একদিনেই লাখ টাকার বেশি পেয়ে যেন হাতে চাঁদ পেয়ে গেছেন তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস









