রেল যোগাযোগের ক্ষেত্রে দেশের বিশেষ করে রেলের পশ্চিম জোনের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ রেল জংশন দিনাজপুরের পার্বতীপুর স্টেশনের ফুটওভার ব্রিজ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কংক্রিটের পাটাতন দীর্ঘদিন সংস্কার না করায় সিঁড়িসহ অনেক স্থান ভেঙ্গে গেছে। ব্রিজের পশ্চিম স্থানে লাল কাপড় টাঙ্গিয়ে ঘেরা (চরম ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। যাতে ভাঙা স্থান দিয়ে কেউ চলাচল না করে। গুরুত্বপূর্ণ এ ফুট ওভারব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অবস্থাদৃষ্টে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
ব্রিটিশ আমলে নির্মিত এ ফুটওভার ব্রিজ নির্মাণের সময় কনক্রিটের পাটাতন সংস্থাপন করা হয়। প্রতিদিন পার্বতীপুর স্টেশনের উপর দিয়ে আন্তনগর ট্রেন, মেইল ও লোকাল ট্রেনসহ প্রায় ৩৬ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনেরই পার্বতীপুর জংশনে স্টপেজ রয়েছে। এ জন্য হাজার হাজার ট্রেনযাত্রী ষ্টেশনে যাতায়াতের জন্য এই ব্রিজ দিয়ে পারাপার হতে হয়। স্থানীয়দের দুইপারে চলাচলে এ ফুটওভার ব্রিজ গুরুত্বপূর্ণ।
পার্বতীপুর শহরের মাঝ দিয়ে রেললইন স্থাপনের কারণে শহরটি পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত। পশ্চিম পাশে পার্বতীপুর নতুন বাজার, স্কুল, কলেজসহ ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পূর্ব পাশের স্কুলগামী শিক্ষার্থীদের এ ব্রিজ পার হয়ে পার্বতীপুর সরকারি কলেজ এবং গার্লস উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। আবার পশ্চিম পাশের কলেজগামী শিক্ষার্থীদেরও ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে জ্ঞানাংকুর পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। যানমালের আশংকা নিয়েই ব্রিজ দিয়ে লোকজন চলাচল করছে।
এব্যাপারে রেলওয়ের পূর্ত বিভাগের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী (ওয়ার্ক) পার্বতীপুর শরিফুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজে লাল কাপড় টাঙিয়ে ঘেরা (চরম ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ার বিষয়টি রেলের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।








