এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তাঁর অসুস্থতার কারণে দেশটির উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভ এমন দিনে এলো, যে দিন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ায় এক দিনে ৭ হাজার ৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট এক লাখ মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হলো।
করোনা আক্রান্তের খবর রাশিয়ার প্রধানমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট মি. পুতিনকে জানিয়েছেন। রাশিয়ান একাধিক টিভি এই কনফারেন্স দেখিয়েছে।
এ সময় পুতিন প্রধানমন্ত্রীকে বলছিলেন, ‘আপনার সঙ্গে যা হলো তা যে কারও সঙ্গে হতে পারে। আমি সবসময় এমনটাই বলে আসছি।’
বর্তমানে নিজে থেকেই ঘরে আইসোলেশনে রয়েছেন ৫৪ বছর বয়সী রাশিয়ার এই প্রধানমন্ত্রী।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি মারা গেছে।









