নতুন বছরে স্মার্টফোনের ডিজাইনে আসছে নতুনত্ব। এ বছর থেকে নচ ডিসপ্লের বদলে স্মার্টফোনে দেখা যাবে মোজাইক ডিসপ্লে।
সম্প্রতি প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসকারী টুইটার অ্যাকাউন্ট আইস ইউনিভার্স এ তথ্য জানিয়েছে। অ্যাকাউন্টটি থেকে ফাসকৃত ছবিতে দেখা যায়, মোজাইক ডিসপ্লেতে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে। নতুন ডিজাইনের ডিসপ্লের সঙ্গে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মিল থাকবে।
আইস ইউনিভার্স ছবির ক্যাপশনে দাবি করে, পাঞ্চ-হোল ডিসপ্লের পরের ধাপে আসছে মোজাইক ডিসপ্লে। ২০২০ সালেই জানা যাবে কী নিয়ে কথা বলা হচ্ছে। যদিও কোন ব্র্যান্ডের স্মার্টফোনে এই ডিজাইন সবার প্রথমে দেখা যাবে তা এখনো জানানো হয়নি।
জানা যায়, স্ক্রিনে মোজাইক ডিসপ্লে যুক্ত হলে পাঞ্চ হোল ডিসপ্লে, নচ ডিসপ্লে ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ট্রেন্ড শেষ হয়ে যাবে। স্মার্টফোন নির্মাতাদেরকেও আর বেজেলহীন ডিসপ্লে তৈরিতে বেগ পেতে হবে না।
২০১৭ সালের শেষের দিকে আইফোন ১০ দিয়ে শুরু হয়েছিলো নচ ডিসপ্লের ট্রেন্ড। ফোনটিতে শুরুতে চওড়া নচ দেখা গেলেও পরবর্তীতে নচের আকার ছোট হতে শুরু করে। এছাড়া গত বছর বেশ কিছু ফোনে নচ ক্যামেরার বদলে দেখা গেছে স্লাইডার ক্যামেরা।
আনন্দবাজার/শাহী









