মোবাইলের সাহায্যে তাৎক্ষণিকভাবে গ্রাম থেকে শহরে সর্বত্রই টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক সংখ্যা।দেশের সকল ধরণের শ্রেণী পেশার মানুষই যুক্ত হচ্ছে এই সেবার আওতায়। ফলে মোবাইল ব্যাংকিং এদেশের ব্যাংকিং সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
গত ডিসেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক লেনদেন করেছে ৪০ হাজার ৬৪৭ কোটি টাকা। একক মাস হিসাবে এটি সর্বোচ্চ লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেনই নয়, যুক্ত হচ্ছে বিভিন্ন নতুন নতুন সেবাও। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানোসহ (রেমিট্যান্স প্রেরণ) বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের মাধ্যম।কাজেই দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে লেনদেনের পরিমাণও।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে জড়িত। ২০১৯ সালের ডিসেম্বর শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৯৬ লাখ ৪৯ হাজার। যা নভেম্বরে ছিল সাত কোটি ৮৫ লাখ ৯৪ হাজার। অর্থাৎ এক মাসে গ্রাহক বেড়েছে ১০ লাখ ৫৫ হাজার।
আনন্দবাজার/তাঅ









