ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ৩৭ হাজার ৪১১ টন বোরো চাল ও ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে আশুগঞ্জ খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।
অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা চিন্তামনি তালুকদার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল খায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলা চাতালকল অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বপন ভূইয়া, উপজেলা চাতালকল অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির হাজী মো. জোবায়ের হায়দার বুলু, সাধরাণ সম্পাদক হাজী হেলাল শিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ চাতাল মালিকগন উপস্থিত ছিলেন।
খাদ্যগুদাম সূত্রে জানা যায়, এবার আশুগঞ্জ থেকে চলতি বোরো মৌসুমে সিদ্ধ বোরো চাল ৪০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৫৫৭ মেট্রিকটন চাল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে সরাসরি বোরে ধান ২৭ টাকা কেজি দরে ৫৭৭ মেট্রিকটন সংগ্রহ করবে সরকার।
আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুল খায়ের বলেন, ৪০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৫৫৭ মেট্রিকটন চাল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে ৫৭৭ মেট্রিকটন ধান সংগ্রহ কররা হবে। ৩১ন আগষ্টের মধ্যে চাল ও ধান সংগ্রহ করতে হবে। ইতিমধ্যে ৭টি মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে। তাদের কাছ থেকে চাল নেয়া শুরু করা হয়েছে। বাকিদের সঙ্গে চুক্তি করে তাদের কাছ থেকেও চাল সংগ্রহ করা হবে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক জোকারিয়া মুস্তফা বলেন, মিল মালিকদের সঙ্গে চুক্তির মেয়াদ আজ বিকালের মধ্যেই চুক্তি শেষ হবে। চুক্তি হওয়ার সাথে সাথেই চাল দিতে পারবে মিল মালিকরা। চাল সংগ্রহ ৭ তারিখ থেকে হওয়ার কথা থাকলেও চাল প্রস্তুত না থাকার কারনে ১৬ তারিখ চাল সংগ্রহ শুরু হয়েছে।









