অন্যান্য সময়ের তুলনায় শীতকালে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ সময় অনেকেই মৌসুমী অ্যালার্জির সমস্যাতেও ভোগেন। অ্যালার্জির উপসর্গ হতে পারে নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, জ্বর, মেজাজের পরিবর্তন, নিম্ন রক্তচাপ, হাঁপানি, কফ জমে থাকা ইত্যাদি। চলুন জেনে নিই শীতে অ্যালার্জির সমস্যা সমাধানের উপায়-
১. এ সমস্যার সমাধানে দারুন কাজ করে সাইট্রাস ফলের রস। শরীরকে সতেজ করার পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে টকজাতীয় ফলের রস থেকে। যা শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে মৌসুমী অ্যালার্জির বিরুদ্ধে রোগ প্রতিরোধক ব্যবস্থা লড়াই করতে সক্ষম হয়।
২. পেঁয়াজ বিরাট ভূমিকা পালন করে অ্যালার্জির সমস্যা সারাতে। পেঁয়াজে থাকে দ্রবণীয় রাসায়নিক যৌগ, যার নাম কোয়ারসেটিন। যা শরীরে উৎপাদিত হিস্টামিনের পরিমাণ কমায়, এতে অ্যালার্জির লক্ষণ দেখা দেয় না। অ্যান্টি-হিস্টামিনের প্রাকৃতিক সংস্করণ হচ্ছে পেঁয়াজ।
৩. প্রতিদিন সকালের নাস্তায় আপেল ও আখরোট রাখলে অ্যালার্জির সমস্যা থেকে দ্রুত নিস্তার মিলবে। এসব খাবারে ম্যাগনেসিয়াম বেশি থাকে, ফলে শ্বাসকষ্ট বা কাশির লক্ষণ কমায়।
৪. অ্যালার্জির রোগীরা গরম ও ঝালযুক্ত খাবার খেতে পারেন। এতে করে নাকের শ্লেষ্মা নিঃসরণ কমে আসবে। ফলে নাকের বন্ধভাব দূর হবে এবং সহজেই শ্বাস নিতে পারবেন।
৫. পুদিনা পাতার চা রক্তচাপ কমাতে, আর্থ্রাইটিসের ব্যথা উপশমে ও মৌসুমী অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লুটেওলিন-৭-ও-রুটিনোসাইড নামক এক ধরনের ফ্ল্যাভোনয়েড থাকে পেপারমিন্টে। যা হিস্টামিনের মতো প্রদাহবিরোধী এনজাইমের কার্যকলাপ ও নিঃসরণকে বাঁধা দেয়। এর কারণে হওয়া শরীরেরঅস্বস্তি কমাতেও সাহায্য করে।
আনন্দবাজার/ টি এস পি









