আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছেই তামার দাম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) প্রতি টন তামার দাম ছিল ৬ হাজার ৫০০ ডলারের নিচে। এক মাসের ব্যবধানে ধাতুটির দাম বেড়ে টনপ্রতি ছাড়িয়েছে ৬ হাজার ৮০০ ডলার। দামের লাগাম টানতে না পারলে আগামী দিনগুলোয় প্রতি টন তামার দাম ৭ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
গত ১৮ আগস্ট এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৪৯২ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছিল। গত এক মাসের মধ্যে এটাই ছিল তামার সর্বনিম্ন দাম। এর পর থেকে ক্রমাগত উত্থান-পতন দেখা যায় ব্যবহারিক ধাতুটির দামে। আগস্ট মাসের শেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে ৬ হাজার ৭২৮ ডলারে।
সেপ্টেম্বর মাসের প্রথম কার্যদিবসে এলএমইতে প্রতি টন তামা ৬ হাজার ৭৮৮ ডলার ৫০ সেন্টে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে বিক্রি হয়। তবে এর পর পরই কমে আসে ধাতুটির দাম। ২ ও ৩ সেপ্টেম্বর এলএমইতে প্রতি টন তামা বিক্রি হয় যথাক্রমে ৬ হাজার ৭১৯ ও ৬ হাজার ৬১৩ ডলারে।
এর পরপরই বাড়তে শুরু করে তামার দাম। এর ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ৬ হাজার ৭৯০ ডলার ৫০ সেন্টে ওঠে প্রতি টন তামার দাম। ১৬ সেপ্টেম্বর এলএমইতে প্রতি টন তামার দাম ৬ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যায়। ১৮ সেপ্টেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে ৬ হাজার ৮৩৩ ডলার ৫০ সেন্টে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, তামার দাম অব্যাহতভাবে বাড়ছে। এভাবে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে শিগগিরই এলএমইতে তামার দাম টনপ্রতি ৭ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস









