বাজারে নতুন ধান আসার সাথে সাথেই কমতে শুরু করেছে দাম। দাম কমার এই হার নিয়ে শঙ্কিত কৃষকরা। চলতি মৌসুমে আট লাখ মেট্রিকটন ধান কেনার কথা ছিল সরকারের। ২৬ এপ্রিল থেকেই শুরু হওয়ার কথা ছিল ধান কেনার এই কার্যক্রম। তবে অনেক জেলায় তালিকা ও লটারি জটিলতার কারণে এখনো শুরু হয়নি এই কার্যক্রম। ফলে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছে কৃষক।
কৃষকরা জানান, নতুন ধান বাজারে ওঠার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে ধানের দাম।
সরকারের ধান কেনার কার্যক্রমের এখনো শুরু না হওয়ার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। ধান কাটা, সেচের খরচ মেটানো ও ঋণ পরিশোধের প্রয়োজনে কম দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে এই সুযোগে ব্যবসায়ীরা কম দামে ধান কিনে নিচ্ছেন।
ময়মনসিংহের একজন কৃষক বলেন, শুনেছি সরকার নাকি ১০৪০ টাকা দরে ধান কিনবে। তাই ধান শুকিয়ে সাত-আট দিন রেখে দিয়েছিলাম। অপেক্ষায় থেকে এখন ৭০০ টাকা মণ দরে বিক্রি করে দিয়েছি স্থানীয় ব্যবসায়ীদের কাছে। সেচ, হাল চাষ ও ধান কাটার খরচের টাকা দেওয়ার জন্য ধান বেচতে হয়েছে। আমাদের তো আর কোনো ইনকাম নেই যে ধান ঘরে তুলে রাখব। ধান বিক্রি করেই আমাদের সংসার চালাতে হয়।
এ প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান বলেন, কৃষকরা ৬০০ টাকা মণ যে ধান বিক্রি করছেন সেটি ভেজা ধান। ভেজা ধান যদি ৬০০ টাকা মণ হয় তাহলে সেটি শুকালে ৮০০ টাকা মণ হয়ে যাবে। সে দাম তো ঠিকই আছে আমার মতে। এখন তো কেবল ধান কাটছে আর বিক্রি করছে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম বলেন, আমি চুয়াডাঙ্গা গোডাউন ভিজিট করেছি। তারা হয়তো আগামী সপ্তাহ থেকে ধান কেনা শুরু করবে।
আনন্দবাজার/ টি এস পি








