যুক্তরাষ্ট্রে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। করোনার থাবা থেকে রক্ষা পায়নি হোয়াইট হাউসও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। তিনি দেশটির নৌবাহিনীরও একজন সদস্য।
সিএনএন জানিয়েছে, বুধবার সেই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর একটু বিচলিত হয়েছেন ট্রাম্প। তারপরে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ঐ কর্মকর্তার করোনা পরীক্ষা করলেও ফলাফল পজিটিভ আসে।
একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
হোয়াইট হাউসের যে কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন তিনি দেশটির এলিট সামরিক শাখার সদস্য। তাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এবং তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। তিনি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করতেন। তাদের জন্য খাবার, কাপড় ও অন্যান্য দরকারি জিনিসপত্র যোগান দেন। এছাড়া ট্রাম্পের দেশ ও দেশের বাইরের যাত্রাতেও তার সাথে থাকতেন।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ‘আমি জানি সে একজন ভালো লোক। কিন্তু তার সঙ্গে আমার খুব কম যোগাযোগ হয়েছে।’
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি বলেছেন, ‘আমরা হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার মাধ্যমে জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে প্রেসিডেন্টের স্বাস্থ্য অত্যন্ত ভালো রয়েছে।’
আনন্দবাজার/এফআইবি








