সরকার করোনা ভাইরাসের কারণে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য। ২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে ঋণের জন্য আবেদনের সময়। এর পূর্বে ঋণ আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। কেন্দ্রীয় ব্যাংক এ সময় বাড়িয়েছে। সময় বাড়ানোর জন্য দেশের তৈরি পোশাকের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএসহ বিভিন্ন শিল্প-বাণিজ্য সংগঠনের আবেদন করেছিল।
তাছাড়া বিশেষ তহবিল থেকে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কের টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করা যাবে। পূর্বে এসব এলাকার শুধু টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের জন্য এই সুযোগ ছিল।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মঙ্গলবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, আলোচ্য আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কের টাইপ-বি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা যাবে।
উল্লিখিত সচল রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ঋণ আবেদনের সময় ২ মে পর্যন্ত বাড়ানো হলো। ২ মে পর্যন্ত প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ঋণ প্রদানকারী ব্যাংক তাদের ঋণের চাহিদা বাংলাদেশ ব্যাংকে ৩ মের মধ্যে পাঠাবে।
আনন্দবাজার/এস.কে









