উবারের খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’ বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। চলতি বছরের জুন থেকে এর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার।
মঙ্গলবার উবার নিউজরুমে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ২ জুন থেকে বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এক বছর ধরে স্থানীয় রেস্টুরেন্টগুলো থেকে খাবার ডেলিভারি দিয়ে আসছিলাম।
‘উবার ইটস’ বন্ধ করার কারণ সম্পর্কে নোটিশে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে তাদের রাইড শেয়ারিং সার্ভিস চালু থাকবে বলে নোটিশে জানানো হয়।
আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ২০১৬ সালে বাংলাদেশে প্রথম তাদের কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এই সেবাটি। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৭৮৫ শহরে রাইড শেয়ারিং সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বেশ কয়েকটি দেশে খাবার ডেলিভারি দিচ্ছে তারা।
আনন্দবাজার/ডব্লিউ এস









