করোনাভাইরাসে বিশ্বের প্রায় সকল দেশেই ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে। রেস্তোরাঁ ও হোটেলসহ অধিকাংশ প্রতিষ্ঠানই বন্ধ করে দেয়া হয়েছে। এর ব্যতিক্রম হয়নি জার্মানিতেও ।
অন্যান্য সব প্রতিষ্ঠানের মতোই করোনায় বিপদে পড়েছে জার্মানির বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। হাজার হাজার লিটার বিয়ার নষ্ট হওয়ার পরিস্থিতি। শেষমেশ উপায় না পেয়ে বিনামূল্যে বিতরণ করছে বিয়ার একটি বিয়ার প্রতিষ্ঠান।
নষ্ট করার চেয়ে ক্রেতাদের মধ্যে বিনামূল্যে বিয়ার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির ভিলিঙ্গার ব্রাউহাইস নামের এক প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, এরই মধ্যে জার্মানির হেসে রাজ্যের এই প্রতিষ্ঠানটি দুই হাজার ৬০০ লিটার বিয়ার বিতরণ করেছে।
প্রতিষ্ঠানের মালিক ফ্রানৎস মাস্ট বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করি, এখন যারা আসছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক হলেও এভাবেই আমাদের সাথে থাকবেন।
বিনামূল্যে বিয়ার নিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। প্রায় প্রতিদিনই সামাজিক দূরত্ব মেনে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিয়ার নিতে দেখা যায় তাদের।
বিয়ার নিতে আসা নাটালি ইউলিউস রয়টার্সকে জানায়, আমি আশা করব আমরা বিয়ার নিয়ে যাওয়ায় এই প্রতিষ্ঠানটির উপকার হবে। আর আমরাও বিকেলে বাগানে বসে মজার এই ভিলিঙ্গার বিয়ার পান করতে পারব।
আনন্দবাজার/তা.তা









