নিম্নমুখী সরবরাহের কারণে ইউরোপিয়ান গ্যাসের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। সরবরাহ সংকট ও ঊর্ধ্বমুখী দাম সত্ত্বেও ইউরোপ সেপ্টেম্বরে এশিয়ার দেশগুলোতে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করেছে। পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ এবং কেপলার এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠান দুটির তথ্য বলছে, সেপ্টেম্বরে ইউরোপ এশিয়ার দেশগুলোয় ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ ১০ হাজার টন এলএনজির চালান পাঠায়। এর মধ্যে সবচেয়ে বেশি পাঠানো হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। ঊর্ধ্বমুখী রফতানি ২০১৮ সালের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙেছে।
স্বাভাবিকভাবেই এলএনজি পুনরায় রফতানি করে ইউরোপ। কিন্তু বর্তমানে অঞ্চলটিতে গ্যাসের তীব্র সংকট চলছে। দাম কয়েক গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কিন্তু ঠিক এ সময়ই এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি এলএনজি রফতানি করা হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এশিয়ায় জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে কয়লা সংকটের কারণে চীনের বিদ্যুৎ খাত পঙ্গু হয়ে পড়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প উৎপাদন। ভারতের চিত্রও একই। এ অঞ্চলে সরবরাহ নিশ্চিত করতে ইউরোপের দেশগুলো থেকে এলএনজি ক্রয় বাড়ানো হয়েছে।
আনন্দবাজার/শহক









