বগুড়ার পাইকারি বাজারে বাইরের ক্রেতা না আসায় চাষীরা ভোগান্তিতে পড়েছেন। চাষীদের কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে। কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। যার ফলে প্রান্তিক কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
একজন সবজি চাষি বলেন, দাম অনেক কম। এখন দু একজন আসছেন, তবে যারা আসছেন তারা খুব বেশি একটা কিনছেন না। তাই আমরা দাম কমিয়েই সবজি বিক্রির চেষ্টা করছি।
সকালে শিবগঞ্জ উপজেলার মহাস্থান পাইকারি সবজির হাটে পটল ও বেগুন বিক্রি হয় ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। আর ঝিঙা ১২ টাকা এবং বরবটি বিক্রি হয় প্রতিকেজি ১৮ টাকায়। পাইকারি বাজারে কাঁচা মরিচ ১শ' টাকায় বিক্রি হলেও খুচরা বাজরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা।
বাজার সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও বন্যার কারণে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কম। সেই সঙ্গে প্রান্তিক চাষিদের দাবি, বাইরের পাইকার না আসায় ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা।
সবজি চাষিরা জানান, আমরা যে পণ্য কিনে এনেছি তা পরিবহন আর শ্রমিক খরচ দিয়ে কোনো রকমে পুঁজি তুলতে হচ্ছে। দু’একটি সবজিতে সীমিত লাভ হচ্ছে।
আনন্দবাজার/এস.কে









