করোনাভাইরাস মহামারীতে বৈশ্বিক লকডাউনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উবার। উবারের এই ছাঁটাইয়ে প্রায় ১৪ শতাংশ পূর্ণকালীন কর্মী চাকরি হারাচ্ছেন।
এদিকে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী লিফট এবং হোম শেয়ারিং সেবা এয়ারবিএনবিও কর্মী ছাঁটাইয়ের পথেই এগোচ্ছে। লিফট গত মাসে ৯৮২ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা রাইড শেয়ারিং কোম্পানিটির মোট শ্রমশক্তির ১৭ শতাংশ।
করোনাভাইরাসে চলা লকডাউনের কারণে বেশির ভাগ মানুষই অবস্থান করছে বাসায়। বাইরে বেরুলেও সংক্রমণের ভয়ে অন্যান্য মানুষের সংস্পর্শে আসা থেকে বিরত থাকছে। এ কারণেই উবারের ব্যবসায় বড় ধরনের ধাক্কা লেগেছে। কর্মী ছাঁটাই এবং অন্যান্য আর্থিক ক্ষতিপূরণে উবারের ব্যয় হবে ২ কোটি ডলার।
আনন্দবাজার/ডব্লিউ এস









