নাটোরের সিংড়া উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে সব ফসলের । ঝরে পড়েছে গাছের সব গুটি আম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এনতথ্য নিশ্চিত করেন সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ওই উপজেলার রামানন্দ খাজুরা, ছাতারদিঘী ও সুকাশ ইউনিয়নের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে অনেক ক্ষয় ক্ষতি হয়। এ বৃষ্টি প্রায় ২০/৩০ মিনিট স্থায়ী হয়েছিল। এতে উপজেলার বেলতা, পাঁচপাকিয়া, মালকুড়, থেলকুড় ও কুচাইকুরি এলাকাগুলোত ধানের ক্ষতি হয় বেশি।
শিলাবৃষ্টিতে ১৫০০-১৮০০ হেক্টর জমির ধানের প্রায় ২৫-৩০ শতাংশ ফসলই নষ্ট হয়ে গেছে। রামানন্দ খাজুরা ইউনিয়নে ধানের ক্ষতি হয়েছে প্রায় ৫০ শতাংশ।
শিলা বৃষ্টির আঘাতে মাটির সাথে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর, ভূট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন সবজি।
স্থানীয় কৃষকরা জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের মাঠের সব ধরনের ফসলের ক্ষতি হয়ে গেছে। মাঠের ফসল বাড়িতে নেওয়ার কোন উপায় নেই। এমন ঝড় ও শিলাবৃষ্টি বিগত কয়েকবছরে কখনো দেখেনি বলে উল্লেখ করেন তারা।
ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ বলেন, আমার ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রামনগর, ছাতারদিঘী, খন্দকার বড়বাড়ি এলাকায় কৃষকের ধান পুরো নষ্ট হয়ে গেছে।
আনন্দবাজার/তা.তা









