বগুড়ার সবজি বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারিতে ১০০ ও খুঁচরা বাজারে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। একদিন আগেও খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৪০-১৬০টাকা প্রতি কেজি। দাম কমায় অনেকটাই স্বস্তি দেখা যায় ক্রেতাদের মাঝে।
গতকাল শনিবার বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে ও প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, খুচরা বাজারে ধরণভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০টাকা থেকে ১২০টাকা কেজি দরে। বগুড়ার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সরবরাহ ও ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল থেকেই মরিচের দাম নিম্নমুখি হয়েছে। সদরের বাঘোপাড়া বাজারের খুচরা বিক্রেতা বাদল সরকার জানান, বেশ কিছুদিন যাবৎ বেশি দামে মরিচ কিনেই খুঁচরা বাজারে বিক্রি করতে হয়েছে বেশি দামেই। বিভিন্ন জেলা থেকে সরবরাহ হওয়া কমতে শুরু করেছে। ক্রেতাও বেড়েছে আগের তুলনায়।
আরেক বিক্রেতা উজ্জল হোসেন বলেন, গত ২সপ্তাহ সর্বনিম্ন ১৬০ থেকে ২৪০ টাকা কেজি মরিচ বিক্রি করেছি। দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা না কমলেও তারা পরিমাণে কম মরিচ কিনেছেন। দাম কমায় মোটামুটি ভালো বিক্রি হচ্ছে।
বাজারে ক্রেতা আবু নোমান বলেন, বাজার দ্রব্যমূল্যে অস্বাভাবিক উর্ধ্বগতিতে সংসার চালানো কষ্টকর হয়েছে। মরিচের দাম বৃদ্ধি হয়েছে কয়েকগুণ। দাম কমায় বেশ ভালো লাগছে। ১২০ টাকা কেজি মরিচ কিনলাম। আশা করবো মরিচসহ প্রতিটি দ্রব্যমূল্যে দাম কমানোর উদ্যোগ নেবেন সরকার।
ব্যবসায়ীরা বলছেন, বগুড়ার বাইরে থেকে সরবরাহ ও আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। এতে ক্রেতা-বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ী স্বস্তি পাচ্ছেন। এটা অব্যহত থাকলে দাম নাগালের মাঝেই ফিরবে।









