গেল বছরে চীনের বাজারে চা রফতানিতে নতুন রেকর্ড গড়েছে শ্রীলংকা। দেশটি থেকে এবার চীনে পানীয় পণ্যটির সম্মিলিত রফতানি ১ কোটি ১৫ লাখ কেজির মাইলফলক পেরিয়ে গেছে। এরই মধ্য দিয়ে ২০১৯ সালে শ্রীলংকার ইতিহাসে চীনের বাজারে সবচেয়ে বেশি চা রফতানি হয়েছে। খবর সিনহুয়া।
শ্রীলংকার শীর্ষস্থানীয় টি ব্রোকার এশিয়া সিয়াকা কমোডিটিজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সালে শ্রীলংকা থেকে চীনের বাজারে সব মিলিয়ে প্রায় ১ কোটি ১৮ লাখ কেজি চা রফতানি হয়েছে। শ্রীলংকার ইতিহাসে এটাই চীনে চা রফতানির সর্বোচ্চ রেকর্ড।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পাঁচ বছর আগেও শ্রীলংকা থেকে চীনে ৫৩ লাখ টন চা রফতানি হয়েছিল। সে হিসাব অনুযায়ী পাঁচ বছরের ব্যবধানে দেশটি থেকে চীনে পানীয় পণ্যটির রফতানি দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।
এদিকে ২০১৮ সালে চীন সব মিলিয়ে ৩ কোটি ৫০ লাখ টন চা আমদানি করেছিল। তার মধ্যে শ্রীলংকার হিস্যা ছিল ২৯ শতাংশ। গেল বছর চীনে চায়ের আমদানি বাজারে শ্রীলংকার হিস্যা বেড়ে ৩০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া এ সময় চীন ছাড়াও তুরস্ক, ইরান, রাশিয়ায় চা রফতানি বাড়িয়েছে শ্রীলংকান রফতানিকারকরা।
আনন্দবাজার/শাহী









