হ্যান্ড স্যানিটাইজারের মূল্য বেঁধে দিল ডিজিডিএ
প্রকাশ:

বিস্তারিত
দেশের সাত ওষুধ কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য হঠাৎ বেড়ে যায়। রোববার (১০ মার্চ) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর লক্ষ্য করা যাচ্ছে, বাজারে হ্যান্ড স্যানিটাইজার অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে ঔষধ প্রশাসন অধিদফতর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করেছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বেঁধে দেয়া মূল্যের চেয়ে অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।দেশে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ডসেটের কাঁচামাল মজুদ আছে বলেও জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
ঔষধ প্রশাসন অধিদফতর নির্ধারিত সাতটি কোম্পানির স্যানিটাইজারের দাম,
১। মেসার্স এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিরাব সল্যুশন ৫০ মিলিলিটার ৪০ টাকা, ১০০ মিলিলিটার ৫২ টাকা এবং ২০০ মিলিলিটার ১০০ টাকা।
২। অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) হেক্সিসল হ্যান্ড রাব (ডিসপেনসারসহ) ৫০০ মিলিলিটার ২১৫ টাকা ৬৫ পয়সা, ২৫০ মিলিলিটার (ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা।
৩। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের স্যানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলিলিটার ৩০০ টাকা, স্যানিককর্ড জেল ছয় গ্রামের টিউব ৫০ টাকা, স্যানিটাইজার হ্যান্ড রাব ২৫০ মিলিলিটার ১৩০ টাকা, ৫০ মিলিলিটার ৪০ টাকা।
৪। জেনারেল ফার্মাসিউটিক্যালসের হ্যান্ডিওয়াশ সলিউশন ৫০ মিলিলিটারের বোতল ৪০ টাকা এবং ২৫০ মিলিলিটারের বোতল ১৩০ টাকা।
৫। গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালসের ২৫০ মিলিলিটারের হ্যান্ডস্কাব ২৫০ টাকা, ২৫০ মিলিলিটারের হ্যান্ডিসোল ১৩০ টাকা, ১২৫ মিলিলিটারের হ্যান্ডিসোল ৭০ টাকা ও ৫০ মিলিলিটারের হ্যান্ডিসোল ৪০ টাকা।
৬। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলিলিটার বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা, জারমিসল হ্যান্ড রাব (ওয়াসারসহ) ২০০ মিলিলিটারের বোতল ১৩০ টাকা ৩৯ পয়সা ও জারমিসল হ্যান্ড রাব ৫০ মিলিলিটার বোতল ৪০ টাকা।
৭। অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কেভিরাব হ্যান্ড রাব ৫০ মিলিলিটারের বোতল ৪০ টাকা, ২৫০ মিলিলিটারের বোতল ১০৫ টাকা ৭২ পয়সা ও ৫০ মিলিলিটারের বোতল ৩১ টাকা ২২ পয়সা।
আনন্দবাজার/ডব্লিউ এস








