- রমজানে ২-৩শ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত
আসছে রোজার মাসে পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার ডিলার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড থেকে বড় বিনিয়োগ আসবে এমন আশ্বাস দিয়েছেন বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
গতকাল বুধবার পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির লক্ষ্যে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বিকেলে বৈঠক শেষে এক অডিও বার্তায় তিনি এ তথ্য দেন। বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধিসহ আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ওই অডিও বার্তায় রেজাউল করিম বলেন, বিএমবিএর ১০ হাজার কোটি টাকার প্রস্তাবের বিষয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। যা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওর মাধ্যমে রোজার মাসে নতুন করে ২০০ থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিএমবিএ সভাপতি প্ররয়াজনীয় উদ্যোগ নেবেন।
বিএমবিএর পাশাপাশি ডিবিএর প্রেসিডেন্ট স্টক ব্রোকার ও ট্রেকহোল্ডারদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেছে জানিয়ে রেজাউল করিম বলেন, তারা প্রতিটি ডিলার অ্যাকাউন্টে রোজার মাসে কমপক্ষে ১ কোটি টাকা করে বিনিয়োগ করবে। এতে পুঁজিবাজারে নতুন ২৫০ কোটি টাকা বিনিয়োগের আশা করা যাচ্ছে।
গত কয়েকদিন মিউচ্যুয়াল ফান্ডগুলো থেকে পুঁজিবাজারে বড় সাপোর্ট দিয়েছে মিউচ্যুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম এমন তথ্য দিয়ে তিনি বলেন, যার ফলে পুঁজিবাজারে কিছুটা লেনদেনের উন্নতি দেখতে পায়। তারা রোজার মাসেও অ্যাসেট ম্যানেজমেন্টের এবং ফান্ডগুলো থেকে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবেন।
এদিকে স্ট্যাবিলাইজেশন ফান্ডের থেকে ১০০ কোটি টাকা আইসিবির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া আগামিতে আরও কার্যকরি উপায়ে স্ট্যাবিলাইজেশন ফান্ডের টাকা বিনিয়োগ বৃদ্ধি করা হবে। যার উল্লেখযোগ্য অংশ রোজার মাসে বিনিয়োগ করা হবে বলেও জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক শেখ মাহাবুবুর রহমান, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের সভাপতি ড. হাসান ইমাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা মো. মনোয়ার হোসেন প্রমুখ।









