প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬০৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৮ জন।
এদিকে শনিবার (২১ মার্চ) দেশটিতে ৭৯৩ জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত এটিই যে কোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এমনকি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে এ দেশটি। এ নিয়ে ইতালিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৭৮ জনের।
এরই মধ্যে এই সপ্তাহে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে গত ২১ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ খান (৬০) নামের এক ব্যক্তি।
অন্যদিকে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইতালির মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা যান।
উল্লেখ্য, করোনাভাইরাস এখন ইতালি বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে। লোকমুখে অনেক বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, এখন পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।
আনন্দবাজার/শাহী









