শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের আরও দক্ষভাবে প্রতিষ্ঠিত করতে পারবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি এ খাতের কার্যক্রম আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ব্যুরোর চলমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।









