অভিবাসনপ্রত্যাশীদের জন্য ২০২৫ সালটি ছিল এক ভয়াবহ ও বেদনাদায়ক বছর। নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে বিভিন্ন পথে যাত্রা করা হাজারো মানুষ শেষ পর্যন্ত আর গন্তব্যে পৌঁছাতে পারেননি। অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছে এবং তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে অভিবাসনের সময় ৮০ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেছে বলে জানায় আইওএম।
আইওএম আরো জানিয়েছে, এই সংখ্যা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। তবুও এই পরিসংখ্যান স্পষ্টভাবে তুলে ধরে যে, অভিবাসীদের মৃত্যু বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা জানান, মানবপাচার চক্রের ফাঁদ, বিপজ্জনক রুট এবং নিরাপদ অভিবাসনের অভাব; সব মিলিয়ে এই যাত্রাগুলো অনেক সময়ই পরিণত হয় মৃত্যুর মিছিলে। উন্নত জীবনের আশায় শুরু হওয়া যাত্রা শেষ পর্যন্ত অনেকের জন্যই হয়ে ওঠে জীবনের শেষ অধ্যায়।









