টাঙ্গাইলের বাসাইলে তিন বছরের সাজা এড়াতে প্রায় ২২ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেফতার হয়েছেন দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। শনিবার ভোর রাতে টাঙ্গাইল শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে বাসাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুলাল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলা পাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে।
জানা যায়, দুলালের বিরুদ্ধে ২০০১ সালে দন্ডবিধি ৪২০ধারায় সিআর মামলা হয়। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিল। এরপর ২০০৪ সালে আদালত তার তিন বছরের সাজা প্রদান করেন। আদালতে মামলার রায় শোনার পর তিনি তার আসল নাম দুলাল মিয়া পরিবর্তন এম জামান ব্যবহার করে সিঙ্গাপুরে পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশে ফিরেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুলাল প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থঋণ নিয়ে আত্মসাৎ করে। এ মামলায় তার তিন বছরের সাজা হয়। মামলার পর তিনি নাম পরিবর্তন করে দেশের বাইরে চলে যান। দেশে ফেরার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আনন্দবাজার/শহক









