কোরবানির পশু পরিবহনের লক্ষে খুলনা-ঢাকা-খুলনা রুটে ২ টি এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে ২ টি করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এখন পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেন দুটি চলাচল শুরু হবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টায় খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টায় ঢাকা পৌঁছাবে।
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, রেলে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২০ টাকা। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে মোট ২০টি গরু পরিবহন করা যাবে।
আনন্দবাজার/তা.তা









