মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের পূর্বকান্দি পূর্বপাড় গ্রামে আম্পান ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট করেছে প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা।
বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিন মাসুদ হাওলাদার বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ৯ জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাতনাম আসামী করা হয়েছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামে জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন থেকে মাসুদ হাওলাদারের সাথে রশিদ হাওলাদারের বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এ অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলার পর বুধবার আম্পান ঝড়ে ওই বিরোধি জমির গাছের ডাল পালা ভেঙ্গে পড়লে ঘটনার দিন ওই ডাল কুড়িয়ে নেয় আ. রশিদ। এতে প্রতিবাদ করেন মাসুদ।
অভিযোগ উঠছে, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোরে রশিদ হাওলাদার ও আ. হালিমের নেতৃত্বে ৮/১০ দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে মাসুদ হাওলাদারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেন। এসময় আহত হয় মাসুদ হাওলার (৪০), মা মমতাজ বেগম (৭০) ও ছোট ভাই জাকির হাওলাদার (২৮) এরা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ প্রসঙ্গে ঘটনার দায়িত্ববান মেহেন্দিগঞ্জ থানার এস আই শাহাজালাল জানান, এই ঘটনায় উভয় পক্ষ আহত হয়েছে। দু'টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।









