নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নলচিরা ঘাটে এনে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাতিয়া নৌ-পুলিশ জানায়, নদীতে জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এ তথ্য নিশ্চিত হয়ে অভিযান করে নৌ-পুলিশের একটি দল। এসময় হাতিয়ার পশ্চিম পাশে গাসিয়ার চরের মেঘনা নদীতে পাতানো অবস্থায় এসব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের উপস্থিতি দেখে জেলেরা আগেই পালিয়ে যায়। পরে নদী থেকে তুলে এনে ঘাটে পরিমাপ করে দেখা যায় জব্দ করা জালের পরিমান প্রায় দুই লাখ ৫০ হাজার মিটার। এছাড়া একই এলাকা থেকে ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, নদীতে কারেন্ট জাল ও বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ন ভাবে বেআইনী। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। মাঝে মধ্যে জেলেরা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে থাকে। এজন্য আমাদের একটি টিম নদীতে দায়িত্ব পালন করে থাকে।









