নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নারায়ণগঞ্জের ১৯টি এলাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসব এলাকায় পরবর্তী করণীয় সম্পর্কে জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ‘রেড জোন’ চিহ্নিত করার পর পরবর্তী নির্দেশনার জন্য কেন্দ্রে পাঠানো হয়।
জানা যায়, রেড জোন চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সিটির ৭টি ওয়ার্ড, সদরের ২টি, বন্দরের ১টি, সোনারগাঁয়ের ২টি, আড়াইহাজারের ৩টি ও রূপগঞ্জের ৪টি এলাকা।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নারায়ণগঞ্জ সদরের গোগনগর ৩নং ওয়ার্ড, এনায়েতনগর ৩নং ওয়ার্ড। বন্দর উপজেলার কলাগাছিয়া ৩নং ওয়ার্ড। সোনারগাঁ উপজেলার আমিনপুর ৩নং ওয়ার্ড, মুগড়াপাড়ার ১নং ওয়ার্ড। আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীর ৩নং ওয়ার্ড, ভ্রাম্মন্দির ৩নং ওয়ার্ড। রূপগঞ্জের তারাব ২নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮, ও ২৪ নং ওয়ার্ড রোড জোন চিহ্নিত করা হয়েছে। তবে কোনটারই সম্পূর্ণ ওয়ার্ড নয়।
এ প্রসঙ্গে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আনন্দবাজার/টি এস পি









