গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিয়াউর রহমান মামুন টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী জেলি আক্তার আমজাদ আলী স্কুলের সহকারি শিক্ষিকা। গতকাল বৃহস্পতিবার ভোরে টঙ্গীর নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় তাদের নিজস্ব প্রাইভেটকারের ভেতর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষক দম্পতির ছেলে মিরাজ উদ্দিন জানান, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে বুধবার (১৭ আগস্ট) একই গাড়িতে করে তার বাবা-মা তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওই দম্পতি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও তারা বাড়ি ফিরেননি। দীর্ঘক্ষন পরও বাড়ি ফিরে না আসায় স্বজনেরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার ভোরের দিকে টঙ্গীর হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশেই স্ত্রীর মরদেহ পাওয়া যায়। সেখান থেকে তাদেরকে প্রথমে টঙ্গীর বোর্ড বাজার এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে।









