গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে মারা যান তিনি। ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টুটুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা চলছে। তবে অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সিরাজুল ইসলাম টুটুল ময়মনসিংহ জেলার কোতোয়ালি উপজেলার মৃত সাইদুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় ওহায়েদ ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন। তারা হলেন আল আমীন, সিরাজুল, পারভেজ, আনোয়ারুল, আজিজুল, মিঠু ও অজ্ঞাত একজন। তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/কআ









