পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার লক্ষে বন্ধু প্রতীম দেশ ভারতের বিশাখাপাটনামে অনুষ্ঠিত দএক্স মিলান- ২০২২’ অংশ নিতে মোংলা ছেড়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস ওমর ফারুক’। গত মঙ্গলবার দুপুরে জাহাজটি মোংলা নৌ-জেটি থেকে ভারতের বিশাখাপাটনাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন (এনডি), এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে বিদায় জানান।
জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর আয়োজনে ভারতের বিশাখাপাটনামে অনুষ্ঠিতব্য দএক্স মিলান- ২০২২’ এ অংশগ্রহণ করবে। এই দএক্স মিলান-২০২২’ এ বিশ্বের প্রায় ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করবে।
বাংলাদেশ নৌবাহিনীর ২৮৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা দবিএনএস ওমর ফারুক’ জাহাজটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞা (সি) পিএসসি বিএন। এ সমুদ্র যাত্রা বিএনএস ওমর ফারুক প্রায় ৫২০ নটিক্যাল মাইল বা প্রায় ৯৬২ কিমি. সমুদ্রপথ পাড়ি দেবে বলে আশা করা যায়।
এ মহড়ায় বাংলাদেশ ও অংশগ্রহণকৃত পৃথিবীর প্রায় ৪৬টি দেশের নৌবাহিনীর মধ্যে বর্ণিত এক্স মিলান- ২০২২ এর ফলে কূটনৈতিক সম্পর্কোন্নোয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি দেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে। এ ছাড়াও উক্ত মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং নৌবাহিনীর সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মপরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। মহড়া শেষে জাহাজটি আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।









