প্রস্তাবিত বাজেট পেশ করার সাথে সাথেই মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে নতুন শুল্ক কার্যকর করা শুরু করেছে মোবাইল অপারেটরগুলো। চূড়ান্ত বাজেট পাস হওয়ার আগেই নতুন শুল্ক কার্যকর করায় দেশের মোবাইল অপারেটরগুলোকে কড়া ভাষায় চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাজেট পাসের আগে এই শুল্ক কেন আরোপ করা হয়েছে তার ব্যাখ্যা চেয়ে শনিবার (১৩ জুন) ই-মেইলে এ চিঠি পাঠিয়েছে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম।
চিঠিতে বলা হয়েছে, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর বাজেটে যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ইতোমধ্যেই আরোপ করা শুরু করেছে অপারেটরেরা। বিষয়টি বিটিআরসির নজরে এসেছে। এটা প্রমাণিত হলে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেসব শাস্তি হতে পারে তার মধ্যে রয়েছে, সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া বন্ধ করে দেয়া। সব সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেয়া।
চিঠিতে আরও বলা হয়েছে, বাজেটে যে শুল্ক আরোপ করা হয়েছে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনই সেটা কার্যকর করা হয়েছে। সে কারণে অপারেটরগুলোকে এই চিঠি দেয়া হয়েছে।
এবারের বাজেটে কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ করা হয়েছে। ফলে বর্তমানে মোট কর দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ গ্রাহক এখন মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে সেখান থেকে ২৫ টাকা কর হিসাবে সরকারের কাছে যাবে। বাজেটের পূর্ব পর্যন্ত এটি ছিল প্রায় ২২ টাকা।
আনন্দবাজার/ডব্লিউ এস









