বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত স্থানে এই কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং দলীয় সূত্র মতে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে গত মঙ্গলবার সরকার তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়।
ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে এসএসএফ। সেই অনুযায়ী, সংস্থাটি ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশ এলাকার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে।
আনন্দ /নয়ন









