পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। তবে এবার রমজানের আবহ সম্পূর্ণ ভিন্নরকম। করোনাভাইরাসের কারণে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেছে। রাস্তার পাশে ইফতারের পসরা সাজিয়ে থাকার কথা ছিল দোকানিদের। কিন্তু এবার রাজধানী ঢাকার কোথাও নেই ক্রেতা-বিক্রেতার সেই হাঁকডাক।
ইফতার শুরুর আধা ঘণ্টা পূর্বে রাজধানীর কারওয়ানবাজারের মূল সড়কের ফুটপাতে বসেছিলেন জরিনা বেগম। তিনি সবজি টোকান। কারওয়ানবাজারের কোথাও ইফতার না পেরে বসেছিলেন রাস্তায়। তাঁর আশা, যদি কেউ ইফতার দিয়ে যায় কিংবা ডেকে নিয়ে ইফতার করায়। তবে তেমন কাউকেই আজ পাননি।
জরিনা বেগম জানান, ‘বাজারে একজন ইফতার বিক্রি করছিল কিন্তু আমি কিনতে পারিনি। আগেই পুলিশ বন্ধ করে দিছে। সারা দিন রোজা রেখেছি। এখন পেট জ্বালা করছে। তাই রাস্তায় আইছিলাম। কিন্তু কেউ ইফতার দেয়নি। আর আগেরবার প্রথম দিনেই চারজনের কাছ থেকে ইফতার পাইছিলাম।'
আবিদা নামে আরো একজন বৃদ্ধা বলেন, ‘২০ বছর ধরে কোনো দিন ইফতার কিনিনি। সব সময়ই কারওয়ানবাজারে ইফতার করেছি। কেউ না কেউ ইফতার দিয়েছে, সব সময়। কিন্তু আজ কেউ ইফতার দেয়নি। কিছুই পাইনি। এক হোটেল থেকে একটু মুড়ি আর ছোলা কিনছি। তাই খাচ্ছি। খুব খিদা লাগছে আজ।
আনন্দবাজার/এফআইবি








