বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান।গবেষণাপত্রের সাইটেশনের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি রিপোর্টে এ তালিকাভুক্তি হয়েছে (https://doi.org/10.1371/journal.pbio.3000918)।
প্রতিবেদনে বিজ্ঞানের নানা শাখার এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর তালিকা তৈরি করা হয়। আর এই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ২৬ জন অধ্যাপক। এ তালিকায় স্থান করে নেয়া ২৬ জনের মধ্যে অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান অন্যতম।
জানা গেছে, তিনি “প্ল্যান্ট বায়োলজি অ্যান্ড বোটানি” ক্যাটাগরিতে তলিকাভুক্ত হন। নানা আন্তর্জাতিক জার্নালে তার ১৪৮টি প্রকাশনা রয়েছে।
স্কোপাস ডাটাবেজ অনুসারে, তার সাইটেশন সংখ্যা ৬ হাজারেরও বেশি। ২০১৭ সালে পোস্ট ডক্টোরাল গবেষণার জন্য অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এন্ডেভার রিসার্চ ফেলোশিপ অর্জন করেন ড. মীর্জা হাছানুজ্জামান।
২০১৫ সালে জাপানিজ সোসাইটি ফর প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপ, ২০০৯ সালে মনবুকাগাকশু বৃত্তি লাভ করেন। এছাড়াও ২০১৪ সালে জীববিজ্ঞানে বিশেষ অবদানের জন্য দি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।
আনন্দবাজার/এইচ এস কে









